জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত কাজের বিকল্প নেই: কৃষিমন্ত্রী

জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা ও সমন্বিতভাবে কাজ করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। তিনি বলেছেন, সরকার ও প্রশাসনের সব পর্যায়ে জবাবদিহিতা, আন্তরিকতা ও সুশাসনের চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সোমবার (১ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। জাতীয় সিদ্ধান্ত বাস্তবায়ন, নীতিনির্ধারণ এবং জনসেবার মানোন্নয়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন কর্মকর্তা ব্যক্তিগতভাবে সৎ ও দায়িত্বশীল হলে তার ইতিবাচক প্রভাব কর্মপরিবেশ এবং সমাজ উভয় ক্ষেত্রেই প্রতিফলিত হয়।

সরকারপ্রধান দেশের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত রয়েছেন উল্লেখ করে আমিন উর রশিদ বলেন, দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। প্রশাসনিক কার্যক্রমে অপ্রয়োজনীয় ব্যয় কমানো, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও বলেন, সম্প্রতি বিভিন্ন প্রকল্প পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনহীন ব্যয় হ্রাসে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন নিশ্চিত করতে হবে। রাষ্ট্রের ক্ষতি হতে পারে এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে কর্মকর্তারা যেন সম্পৃক্ত না হন, সে বিষয়েও তিনি সতর্ক থাকার আহ্বান জানান।

মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন বলেন, সরকারি ব্যয় ব্যবস্থাপনা এবং বিদেশি সহায়তা গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলার সুযোগ নেই। শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।