বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের আরও জোরালো ও কার্যকর ভূমিকা কামনা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (২ জুন) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে স্পিকার বাংলাদেশে অবস্থানরত বিপুলসংখ্যক রোহিঙ্গার কারণে সৃষ্ট মানবিক, সামাজিক ও অর্থনৈতিক চাপের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই সংকট মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রত্যাশা করে আসছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে। তিনি স্মরণ করেন, সে সময় যুক্তরাষ্ট্রের কূটনীতিক আর্চার কেন্ট ব্লাড বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার কথা উল্লেখ করে স্পিকার বলেন, দেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের জনগণ সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং গণতন্ত্রের মাধ্যমেই দেশের প্রকৃত সমৃদ্ধি অর্জন সম্ভব।
বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ সম্প্রসারণ, সংসদীয় ককাস ফোরামে গণতন্ত্র দিবস উদযাপন এবং বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে মার্কিন সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় তেল ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে জনদুর্ভোগ কমানোর বিভিন্ন উপায় নিয়েও মতবিনিময় করেন তারা।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
