বিদেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে “অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল” গঠন করা হয়েছে। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে মন্ত্রণালয়ের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (২ জুন) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত নতুন এই সেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীরা সরাসরি তাদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন। এ জন্য [email protected] এবং [email protected] ই-মেইল ঠিকানা চালু করা হয়েছে।
তিনি বলেন, প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রতিদিন ও প্রতি সপ্তাহে অভিযোগগুলোর অগ্রগতি সরাসরি মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে।
অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, ৩০ জন বাংলাদেশি যুবককে প্রতারণামূলকভাবে রাশিয়ায় পাঠানোর ঘটনায় জড়িত তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের জামানতও বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রবাসীদের জন্য নতুন সুবিধা হিসেবে ‘প্রবাসী কার্ড’ চালুর সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, এই কার্ডে ডিজিটাল পরিচয়পত্রের পাশাপাশি ডুয়েল কারেন্সিভিত্তিক পেমেন্ট গেটওয়ে সুবিধা থাকবে। এর মাধ্যমে প্রবাসীরা সহজে, দ্রুত ও নিরাপদ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।
মন্ত্রণালয়ের সেবার মান উন্নয়ন এবং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে নতুনভাবে সাজানো হবে। আগামী ছয় মাসের মধ্যেই এর ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হবে।
সংবাদ ব্রিফিংয়ে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশটির শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না বলেও তিনি আশ্বাস দেন।
ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
