আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর, সাহসিকতার স্বীকৃতি পেলেন ১৫ পুলিশ সদস্য

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকারের হাতে থাকা তথ্য অনুযায়ী অপরাধের বিভিন্ন সূচকে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে এবং পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থাও বেড়েছে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের মূল্যায়ন পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যের ভিত্তিতে করা হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আগের সময়ের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে।

এ সময় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, সংস্থাটি মূলত বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে। তাদের নিজস্ব কোনো অনুসন্ধান বা তদন্ত প্রক্রিয়া নেই বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৫ সালের তুলনায় বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন ক্ষেত্রে উন্নতি হয়েছে। একই সঙ্গে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে এবং তাদের আরও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।

এর আগে রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত, গোয়ালন্দ ফেরিঘাটে যাত্রীবাহী বাসের যাত্রীদের জীবনরক্ষা এবং মুন্সিগঞ্জে এক তরুণীর মরদেহ উদ্ধারে সাহসিকতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রত্যেক পুলিশ সদস্যের হাতে ২০ হাজার টাকা এবং সম্মাননাপত্র তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া নৌ পুলিশের তিন সদস্যকে আইজি ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যদের নৈতিকভাবে আরও শক্তিশালী করা এবং দায়িত্ব পালনে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, অতীতে সাহসিকতা ও বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে এ ধরনের পুরস্কার দেওয়ার নজির খুব কম ছিল। এখন থেকে নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্ব দেখানো সদস্যদের পুরস্কৃত করা হবে।