মন্ত্রী-প্রতিমন্ত্রীদের এপিএস ও পিএসদের মূল বেতন বাড়ল, নির্ধারণ ৩২ হাজার ৫৪০ টাকা

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) মূল বেতন পুনর্নির্ধারণ করেছে অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব পদে সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্তদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা।

সম্প্রতি এ বিষয়ে মতামত দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ বিভাগ। এর আগে গত ৩১ মার্চ বিষয়টি নিয়ে অর্থ বিভাগের মতামত চেয়ে চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।

বর্তমানে এসব পদে নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ এর নবম গ্রেডে বেতন-ভাতা পেয়ে থাকেন। সে অনুযায়ী তাদের প্রারম্ভিক মূল বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্তে মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেল।

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইরে থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের অভিপ্রায়ে নিয়োগপ্রাপ্ত একান্ত সচিবদের মূল বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫ এর নবম গ্রেডের অষ্টম ধাপ অনুযায়ী ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণে সম্মতি দেওয়া হয়েছে।

তবে এ বেতন নির্ধারণের ক্ষেত্রে কয়েকটি শর্তও আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, নির্ধারিত মূল বেতনের বাইরে কোনো ধরনের বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। তবে বিধি অনুযায়ী অন্যান্য প্রাপ্য ভাতা পাওয়া যাবে।

এছাড়া এসব কর্মকর্তা পেনশন, আনুতোষিক কিংবা ভবিষ্য তহবিলের (প্রভিডেন্ট ফান্ড) সুবিধা পাবেন না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

অর্থ বিভাগ আরও জানিয়েছে, নতুন এই বেতন কাঠামো শুধুমাত্র সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীদের একান্ত সচিবদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।