আরও এক মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন দীপু মনি, সাত মামলায় হাইকোর্টের রুল

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা আটটি মামলার শুনানি শেষে একটিতে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বাকি সাতটি মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সর্বশেষ এ আদেশের ফলে ডা. দীপু মনির বিরুদ্ধে বিচারাধীন ১৫টি মামলার মধ্যে দুটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন এবং ১৩টি মামলায় রুল জারি হয়েছে।

শুনানি শেষে তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম সাংবাদিকদের বলেন, মঙ্গলবার মোট আটটি মামলার বিষয়ে আদালত আদেশ দিয়েছেন। এর মধ্যে একটি মামলায় জামিন দেওয়া হয়েছে এবং সাতটি মামলায় রুল জারি করা হয়েছে। রুলে আদালত জানতে চেয়েছেন, সংশ্লিষ্ট মামলাগুলোতে কেন তাকে জামিন দেওয়া হবে না।

তিনি জানান, এর আগে গত সপ্তাহে সাতটি মামলার শুনানির মধ্যে একটিতে জামিন এবং ছয়টিতে রুল জারি হয়েছিল। মঙ্গলবারের আদেশ যুক্ত হওয়ায় এখন পর্যন্ত মোট ১৫টি মামলার মধ্যে দুইটিতে অন্তর্বর্তীকালীন জামিন এবং ১৩টিতে রুল রয়েছে।

আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার যেসব মামলার বিষয়ে আদেশ হয়েছে, সেগুলোর মধ্যে তেজগাঁও থানার একটি, কাকরাইল থানার একটি, পল্টন থানার দুটি এবং যাত্রাবাড়ী থানার চারটি মামলা রয়েছে।

দীপু মনির বিরুদ্ধে হত্যা, জুলাই আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি এবং সহিংসতাসহ বিভিন্ন অভিযোগে প্রায় ৭০টি মামলা রয়েছে বলেও জানান তার আইনজীবী। এসব মামলার মধ্যে ৩৮টিতে তাকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে।

রাজনীতিতে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা ডা. দীপু মনি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান। পরবর্তীতে তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৪ সালের সরকারের সমাজকল্যাণমন্ত্রী ছিলেন তিনি।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তার মন্ত্রিত্বের অবসান ঘটে। পরে ১৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলেও পরবর্তীতে একাধিক মামলায় আসামি করা হয়। বর্তমানে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

এদিকে, তার স্বামী তৌফীক নাওয়াজ গুরুতর অসুস্থ বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ অবস্থায় অসুস্থ বাবাকে দেখার সুযোগ করে দিতে ডা. দীপু মনির সাত দিনের প্যারোলে মুক্তি চেয়ে গত ২৭ মে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তার মেয়ে তানি দীপাবলী নাওয়াজ।