টিকটক-রিলসে আইনজীবীর পোশাকে কনটেন্ট নয়, শাস্তির হুঁশিয়ারি বার কাউন্সিলের

আইন পেশার মর্যাদা ও পেশাগত শিষ্টাচার বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে আইনজীবীর পোশাক পরে বিনোদনধর্মী ভিডিও বা ছবি প্রকাশ না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ বার কাউন্সিল। এ ধরনের কর্মকাণ্ডকে পেশাগত আচরণবিধির পরিপন্থী উল্লেখ করে ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের স্বাক্ষরিত এক সতর্কীকরণ নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়, সম্প্রতি দেখা যাচ্ছে কিছু আইনজীবী টিকটক, ফেসবুক রিলস, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পেশাগত পোশাক পরে নানা ধরনের অঙ্গভঙ্গি, বিনোদনমূলক ভিডিও, ছবি এবং অন্যান্য অনুপযুক্ত কনটেন্ট প্রকাশ করছেন।

বার কাউন্সিলের মতে, এ ধরনের কর্মকাণ্ড আইন পেশার মর্যাদা, শালীনতা ও নৈতিক মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। একইসঙ্গে এসব আচরণ আইনজীবীদের জন্য প্রযোজ্য ‘ক্যাননস অব প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকুয়েট’-এর সরাসরি লঙ্ঘন।

সতর্কীকরণে আরও বলা হয়, একজন আইনজীবীর অন্যতম প্রধান দায়িত্ব হলো তার পেশার সম্মান ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা। সে কারণে আইনজীবীদের ব্যক্তিগত ও পেশাগত আচরণ সর্বদা সংযত, শালীন এবং মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন।

নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে আইনজীবীর পোশাক পরে বিনোদনমূলক কিংবা অশালীন ভিডিও নির্মাণ ও প্রচারকে পেশাগত আচরণবিধির গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে।

বার কাউন্সিল দেশের সব আইনজীবীকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেছে, ভবিষ্যতে কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ বা প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা গ্রহণ করা হবে।