বিটিভিতে বিশ্বকাপ দেখবে দেশ, সম্প্রচার ব্যয়ে থাকবে না সরকারি চাপ

আসন্ন ফুটবল বিশ্বকাপ দেশের দর্শকদের জন্য বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, স্বচ্ছ আলোচনার মাধ্যমে ফিফার সঙ্গে সম্প্রচারস্বত্ব চুক্তি সম্পন্ন হওয়ায় রাষ্ট্রীয় এই টেলিভিশন চ্যানেল প্রায় কোনো আর্থিক বোঝা ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করতে পারবে।

মঙ্গলবার (৯ জুন) তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, অতীতে বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব অর্জনে বড় অঙ্কের অর্থ ব্যয়ের অভিযোগ ছিল। তবে এবার জনস্বার্থ ও অর্থনৈতিক স্বচ্ছতাকে গুরুত্ব দিয়ে সরকার ভিন্ন কৌশল গ্রহণ করেছে। জনগণের অর্থের অপচয় রোধ করেই সম্প্রচারস্বত্ব নিশ্চিত করা হয়েছে।

ইয়াসের খান চৌধুরী জানান, দায়িত্ব গ্রহণের পর সরকার বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বেশ কিছু জটিলতার মুখোমুখি হয়। ফিফা থেকে সম্প্রচারস্বত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রাথমিকভাবে প্রায় ২০০ কোটি টাকা দাবি করেছিল। সরকার সেই প্রস্তাব গ্রহণ না করে সরাসরি ফিফার সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, এ প্রক্রিয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং এর সভাপতি তাবিথ আউয়ালের সহযোগিতা নেওয়া হয়। দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষ গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছাতে সক্ষম হয়।

প্রতিমন্ত্রী জানান, নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ প্রক্রিয়ায় বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ প্রায় ৪৭ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা। ভ্যাট ও আয়করসহ মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৭৯ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।

তবে এ ব্যয় সরকারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে না বলে জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, সম্প্রচারস্বত্ব বাবদ ব্যয়ের প্রায় পুরো অর্থই টেলিযোগাযোগ কোম্পানি, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোর কাছে বিজ্ঞাপন ও সম্প্রচার অধিকার বিক্রির মাধ্যমে আদায় করা সম্ভব হয়েছে। ফলে বিটিভির নিজস্ব তহবিল থেকে কোনো অর্থ ব্যয় করতে হবে না।

ইয়াসের খান চৌধুরী বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আরও জনমুখী ও কার্যকর সেবায় নিয়োজিত করাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে জনগণের অর্থের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার নীতির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি দেশের ফুটবলপ্রেমীদের উদ্দেশে বলেন, সব ধরনের জটিলতা কাটিয়ে এবার দেশের কোটি কোটি দর্শক বিটিভির মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।