জাতীয় সংসদ গ্রন্থাগারের সেবাকে আরও আধুনিক, কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে বই ব্যবস্থাপনায় রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি চালুর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে সংসদের বিভিন্ন কার্যক্রমে, বিশেষ করে সাউন্ড সিস্টেম পরিচালনায় ইন্ট্রানেটভিত্তিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদের লাইব্রেরি কমিটির তৃতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়।
ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য হুইপ এবিএম আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, সাঈদ আল নোমান, এবিএম মোশাররফ হোসেন এবং মোহাম্মদ নাজিবুর রহমান অংশ নেন।
বৈঠকে আলোচনায় জাতীয় সংসদের কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। এ সময় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় সংসদের সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন সেবায় ইন্ট্রানেট বা অভ্যন্তরীণ কম্পিউটার নেটওয়ার্কভিত্তিক প্রযুক্তি চালুর সুপারিশ করা হয়।
কমিটি বিগত বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করে। পাশাপাশি সাব-কমিটি ১, ২, ৩ ও ৪-এর প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং সেগুলোর ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় সংসদ গ্রন্থাগার থেকে প্রকাশিত ‘সংসদ গ্রন্থাগার বুলেটিন’কে আরও আধুনিক ও সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে একটি প্রতিবেদন প্রণয়নের জন্য কমিটির সদস্য সাঈদ আল নোমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির অন্য দুই সদস্য হলেন এ বি এম মোশাররফ হোসেন এবং মোহাম্মদ নাজিবুর রহমান।
এছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) আইন অনুযায়ী পরিচালনা বোর্ড পুনর্গঠনের বিষয়ে সাব-কমিটির প্রস্তুত করা প্রতিবেদনও বৈঠকে পর্যালোচনা করা হয়। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য স্পিকারের সঙ্গে কমিটির সদস্যদের সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
