বাংলা, ইতিহাস ও দর্শনসহ ছয় বিষয়ে অনার্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’, জানাল শিক্ষা মন্ত্রণালয়

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয়টি বিষয়ে স্নাতক (অনার্স) প্রোগ্রাম বাতিল করা হচ্ছে—এমন যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে পৃথক বক্তব্যে বিষয়টি স্পষ্ট করেন শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, বাংলা বা ইতিহাস-দর্শনের মতো বিষয় বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি এবং এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি। তিনি বলেন, বাংলা মাতৃভাষা হিসেবে এই বিষয়টি বাদ দেওয়ার প্রশ্নই আসে না।

তিনি আরও জানান, কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রসারে সরকার জোর দিচ্ছে ঠিকই, তবে মানবিক বিভাগের বিষয়গুলো অনার্স পর্যায় থেকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই।

শিক্ষা মন্ত্রণালয়ের একান্ত কর্মকর্তা নূরুল আফসার দীপু বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কোনো তথ্য বা নির্দেশনা মন্ত্রণালয়ের কাছে নেই।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও সংস্কারের বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চললেও বাংলা, ইতিহাস বা দর্শনের মতো মৌলিক বিষয়গুলো বাদ দেওয়ার কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। ২০২৭ শিক্ষাবর্ষকে সামনে রেখে শিক্ষাক্রম সংস্কার নিয়ে আলোচনা চললেও সেখানে এসব বিষয়ে অনার্স বন্ধ করার কোনো প্রস্তাব অন্তর্ভুক্ত নেই।

অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোনো অনার্স কোর্স বন্ধ বা বাতিলের বিষয়ে সরকারের বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত হয়নি।

সচিবালয়ে পৃথক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের কোনো সরকারি ভিত্তি নেই। তিনি বলেন, “অফিশিয়াল ঘোষণা ছাড়া এমন খবরকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।”

তবে তিনি যোগ করেন, শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার কাঠামো নিয়ে আলোচনা চলতে পারে।

তিনি বলেন, দেশে প্রতিবছর লাখ লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করলেও সীমিত সংখ্যক মানুষের জন্যই আনুষ্ঠানিক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এ কারণে দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে।