চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মানসম্মত সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এবং দেশের ১২টি শীর্ষ সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে এই পুরস্কার প্রদান করা হবে।
এ আয়োজনে বাংলাদেশে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা এবং মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা অংশ নিতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
প্রতিযোগিতার জন্য ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময়ে বাংলাদেশের নিবন্ধিত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও কনটেন্ট গ্রহণ করা হবে।
যৌথ আয়োজনে ১২টি সাংবাদিক সংগঠন
এ আয়োজনের যৌথ আয়োজক হিসেবে রয়েছে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, অনলাইন এডিটরস অ্যালায়েন্স, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
সহ-আয়োজক হিসেবে রয়েছে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ।
কোন কোন বিভাগে পুরস্কার দেওয়া হবে
পুরস্কার চারটি প্রধান ক্যাটাগরিতে দেওয়া হবে—
- কূটনীতি ও অর্থনীতি: চীন–বাংলাদেশ অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে প্রতিবেদন
- প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা: দুই দেশের এসব খাতে সহযোগিতা বিষয়ক প্রতিবেদন
- সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন ও জনসম্পর্ক: সাংস্কৃতিক বিনিময় ও জনগণের সম্পর্ক উন্নয়নমূলক কনটেন্ট
- মাল্টিমিডিয়া বিভাগ: আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও ভিডিওভিত্তিক গল্প
প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া সর্বাধিক ভিউ পাওয়া কনটেন্টের জন্য বিশেষভাবে ১ লাখ টাকার পুরস্কার রাখা হয়েছে।
জমা ও ফলাফল ঘোষণা
আয়োজকরা জানিয়েছেন, জমা পড়া কাজগুলোর মূল্যায়নের পর ১১ নভেম্বর ২০২৬ তারিখে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
আবেদন করা যাবে নির্ধারিত অনলাইন ফর্মের মাধ্যমে: https://forms.gle/5moehFyLCUZJZV279
