ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের জন্য আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৯ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সংসদের চলমান বাজেট অধিবেশনের ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী এবং সেখানে তাকে এই আর্থিক সহায়তার চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

এর আগে ঋতুপর্ণা চাকমার পরিবারকে বিভিন্ন সময়ে সহায়তার বিষয়টিও আলোচনায় আসে। জানা যায়, ২০২৫ সালে তার মায়ের ক্যান্সার চিকিৎসার প্রয়োজনে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম এলাকায় তার বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা ও খোঁজখবর নেন।

পার্বত্য অঞ্চলের সাধারণ পরিবার থেকে উঠে আসা ঋতুপর্ণা চাকমা বাংলাদেশ নারী ফুটবলের অন্যতম উজ্জ্বল নাম। ২০২২ ও ২০২৪ সালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পাশাপাশি ২০২৫ সালে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের ঐতিহাসিক যোগ্যতা অর্জনেও তার পারফরম্যান্স ছিল গুরুত্বপূর্ণ।

নিজের দক্ষতা ও পরিশ্রমে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে ঋতুপর্ণা আজ দেশের নারী ফুটবলের নতুন প্রজন্মের অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছেন।