সচিবালয়ে টেলিফোন তার চুরির ঘটনার পর এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তর থেকে ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে ইস্কাটনের মন্ত্রণালয়ের ১৬ তলা থেকে একটি ব্যবহৃত এইচপি ল্যাপটপ চুরি হয়, যা ছিল একান্ত সচিবের ব্যক্তিগত কাজে ব্যবহৃত।
চুরি হওয়া ল্যাপটপটি মো. ইমামুল হাফিজ নাদিমের বলে জানা গেছে। তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, একই তলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহাদী আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দফতরও রয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে পিএস ইমামুল হাফিজ নাদিম তার কক্ষে প্রবেশ করেন। মাত্র কয়েক মিনিট পর ফিরে এসে তিনি দেখতে পান তার টেবিলে রাখা ল্যাপটপটি আর নেই।
সেই সময় বিদ্যুৎ না থাকা এবং করিডোরে লোকসমাগম থাকায় পরিস্থিতি আরও অস্বাভাবিক হয়ে ওঠে। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ল্যাপটপটির সন্ধান মেলেনি।
ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, খয়েরি শার্ট ও ধূসর প্যান্ট পরিহিত আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক ব্যক্তি কালো ব্যাগ নিয়ে ভবন থেকে বের হচ্ছেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যাগেই ল্যাপটপটি ছিল। এতে গুরুত্বপূর্ণ নথি থাকার আশঙ্কাও করা হচ্ছে।
মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভবনের ১৬ তলায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। সেখানে সহজেই প্রবেশ করা যায় এবং প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থীর কারণে ঝুঁকি তৈরি হচ্ছে।
তাদের ভাষ্য অনুযায়ী, লিফট থেকে নেমেই করিডোরে প্রবেশ করা যায়, ফলে দপ্তরগুলো কার্যত নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম বলেন, ঘটনার পর উপস্থিত সবার ব্যাগ তল্লাশি করা হয়েছে। জনবল কম থাকায় পুরো ভবনে মাত্র ২২ জন আনসার দায়িত্ব পালন করছেন, যা পর্যাপ্ত নয়।
অন্যদিকে চুরির শিকার পিএস ইমামুল হাফিজ নাদিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
