হবিগঞ্জে বিতর্কিত মন্তব্য ও সহিংস ঘটনার অভিযোগে আলোচনায় থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহাদী হাসান এবার নিজের নিরাপত্তা চেয়ে থানায় আশ্রয় নিয়েছেন। কয়েক মাস আগেই যিনি থানার ভেতরে দাঁড়িয়ে কঠোর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন, এবার দেখা গেল ভিন্ন চিত্রে।
বুধবার (১০ জুন) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে আসেন মাহাদী হাসান। সেখানে তিনি দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা তার ওপর হামলার উদ্দেশ্যে ধাওয়া দিয়েছে। লাইভ চলাকালীন সময় তাকে আতঙ্কিত অবস্থায় দেখা যায় এবং তিনি এক ব্যক্তির সঙ্গে রিকশায় করে হবিগঞ্জ সদর থানার দিকে যেতে থাকেন। পরে তিনি থানার ভেতরে প্রবেশ করে পুলিশের কাছে নিরাপত্তা চান।
লাইভে মাহাদী বলেন, তার ব্যক্তিগত মত প্রকাশের কারণে তাকে টার্গেট করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, পরীক্ষা দিতে যাওয়ার সময় রাস্তায় তাকে ধাওয়া করা হয় এবং হামলার চেষ্টা করা হয়। পরে তিনি থানার ডিউটি অফিসারের কক্ষে অবস্থান নেন বলে জানান।
তিনি আরও দাবি করেন, আগে থেকেই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিরাপত্তা ঝুঁকির বিষয়ে জানিয়েছিলেন। তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে তার অভিযোগ।
এর আগে চলতি বছরের শুরুতে আরেকটি ঘটনায় ব্যাপক আলোচনায় আসেন মাহাদী হাসান। ২ জানুয়ারি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় এক যুবককে গ্রেপ্তারের পর তাকে ছাড়ানোর দাবিতে তিনি একদল শিক্ষার্থী নিয়ে থানায় যান। ওই সময় তিনি থানার ওসির কক্ষে প্রবেশ করে উত্তেজিত বক্তব্য দেন, যা নিয়ে পরে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
পরবর্তীতে ৩ জানুয়ারি তাকে পুলিশ গ্রেপ্তার করে। তবে ৪ জানুয়ারি আদালত তাকে জামিনে মুক্তি দেন।
২০২৪ সালের ৫ আগস্টের গণ-আন্দোলনের সময় বানিয়াচং থানায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের অবরুদ্ধ করার ঘটনায় একাধিক সহিংস ঘটনার কথা সামনে আসে। ওই সময় এসআই সন্তোষ চৌধুরীকে হত্যার ঘটনাও ব্যাপক আলোচনায় আসে। পরবর্তীতে থানায় বসে এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকারের অভিযোগ নিয়েও সমালোচনার মুখে পড়েন মাহাদী হাসান।
এদিকে সাম্প্রতিক ঘটনার বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ করা হলেও সরাসরি কোনো হামলার দৃশ্য বা সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে একটি মৌখিক অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে মাহাদী হাসান থানায় অবস্থান করছেন বলেও নিশ্চিত করেন তিনি।
ঘটনাটি ঘিরে এলাকায় নতুন করে উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে।
