সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও বিস্তৃত করার উদ্যোগ হিসেবে ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য গণপরিবহনে বিশেষ সুবিধার ঘোষণা এসেছে নতুন বাজেটে। প্রস্তাব অনুযায়ী, প্রবীণরা সাধারণ ট্রেনে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন এবং মেট্রোরেলে পাবেন ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড়।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট বক্তৃতায় তিনি জ্যেষ্ঠ নাগরিকদের জন্য এ নতুন সুবিধাগুলোর কথা তুলে ধরেন।
প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, প্রবীণ নাগরিকদের জীবনযাত্রা আরও সহজ ও মর্যাদাপূর্ণ করতে বাংলাদেশ রেলওয়ের সাধারণ ট্রেনে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করা হবে। তবে মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে ভাড়া প্রযোজ্য থাকলেও ৬৫ বছরের বেশি বয়সীরা ২৫ শতাংশ মূল্যছাড়ের সুবিধা ভোগ করবেন।
একই সঙ্গে মেট্রোরেল ব্যবহারকারীদের জন্যও স্বস্তির বার্তা দিয়েছে সরকার। বর্তমানে মেট্রোরেল সেবার ওপর যে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি রয়েছে, তার মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে ৩০ জুন ২০২৮ পর্যন্ত বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। এর ফলে যাত্রীদের ওপর অতিরিক্ত ভাড়ার চাপ পড়ার আশঙ্কা কমবে।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, রাজধানী ও আশপাশের এলাকায় আধুনিক ও সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ছয়টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মেট্রোরেলের সঙ্গে সংযোগ রেখে মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্কও গড়ে তোলা হবে, যাতে যাত্রীদের যাতায়াত আরও সহজ ও দ্রুত হয়।
