- খুলনায় চিকিৎসাধীন এক শিশুর মৃত্যু; মার্চের মাঝামাঝি থেকে উপসর্গ নিয়ে প্রাণহানি ৫ শতাধিক
ঢাকা: দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নতুন করে ১২৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক বুলেটিনে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
সরকারি হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫৫১ জন।
এই সময়ের মধ্যে হামের লক্ষণ দেখা দেওয়ায় দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৮৪ হাজার ২২৬ জন। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০ হাজার ১৮৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে, যেখানে চিকিৎসা নিয়েছেন ৪৩৯ জন।
মৃত্যুর সংখ্যার দিক থেকেও ঢাকা বিভাগ শীর্ষে রয়েছে। এ পর্যন্ত বিভাগটিতে হামের লক্ষণ নিয়ে ২৩২ জনের মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে।
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদারের পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
