পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং ১৪৪৮ হিজরি সনের পবিত্র আশুরার তারিখ নির্ধারণে আগামীকাল মঙ্গলবার সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশের আকাশে মুহাররমের চাঁদ দেখা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে এ সভায় আশুরার তারিখ চূড়ান্ত করা হবে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সোমবার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে কোথাও মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা নির্ধারিত টেলিফোন নম্বরে জানাতে সর্বসাধারণের প্রতি অনুরোধ করা হয়েছে।
চাঁদ দেখার তথ্য জানাতে যোগাযোগ করা যাবে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ১০ মুহাররম বিশেষ তাৎপর্যপূর্ণ একটি দিন। আশুরা ত্যাগ, ধৈর্য ও আত্মোৎসর্গের প্রতীক হিসেবে মুসলিম বিশ্বে পালিত হয়ে আসছে। এ দিন কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) শহীদ হন। সেই শোকাবহ স্মৃতিকে ধারণ করেই মুসলিম বিশ্বে আশুরা পালন করা হয়।
