নারীর ক্ষমতায়নে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় এগিয়ে, জানালেন স্পিকার

  • ইউএন উইমেনের প্রতিনিধির সাথে বৈঠকে দেশের সব সেক্টরে নারী অংশগ্রহণ বৃদ্ধির চিত্র তুলে ধরেন হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদ, রাজনৈতিক দলসহ দেশের সব সেক্টরে নারীদের অংশগ্রহণ আগের চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরসহ সকল ক্ষেত্রে নারীদের অবদান অনস্বীকার্য এবং বর্তমান সরকার নারী ও শিশুদের প্রতি যে কোনো সহিংসতা সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে দেখছে।

বুধবার (১৭ জুন) সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের সহযোগী সংগঠন ‘ইউএন উইমেন’-এর বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিংহের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নারী অধিকার, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরেন।

স্পিকার জানান, জাতীয় সংসদে ৫০ জন সংরক্ষিত আসনে মনোনীত নারী সদস্যগণের মধ্যে ৪৯ জন বাজেট অধিবেশন থেকে অংশগ্রহণ শুরু করেছেন। ডাক্তার, অর্থনীতিবিদ, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশার নারী সংসদ সদস্যরা বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। এ প্রসঙ্গে তিনি আলোচিত শিশু রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হওয়ার দৃষ্টান্ত তুলে ধরেন, যা নারী ও শিশুদের প্রতি সরকারের সংবেদনশীলতার প্রমাণ।

অস্বচ্ছল পরিবারের নারীদের ক্ষমতায়নে বর্তমান সরকারের গৃহিণীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষক কার্ড প্রদান ইত্যাদি কর্মসূচির কথাও তুলে ধরেন স্পিকার। তিনি বলেন, এইসব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নারীর ক্ষমতায়ন আরও সুসংহত হবে।

বাংলাদেশ নারী অধিকার সুরক্ষা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নারী ও শিশুদের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিতকরণ, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র ইত্যাদি সূচকে দক্ষিণ এশিয়ায় অনেক দেশ থেকে এগিয়ে রয়েছে—এ কথা ইউএন উইমেনের প্রতিনিধি গীতাঞ্জলি সিংহকে অবহিত করেন স্পিকার।

বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও ‘ইউএন উইমেন’-এর বাংলাদেশ ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনিতা সিনহা উপস্থিত ছিলেন।