ঢাকা, ২৪ জুন: ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা এবং কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি ডা. জুবাইদা রহমানের শিক্ষাজীবন, পেশাগত সাফল্য এবং স্বাস্থ্যসেবায় অবদানের কথা তুলে ধরেন।
বক্তব্যে ডা. রফিকুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজের কে-৪৩ ব্যাচের শিক্ষার্থী হিসেবে ডা. জুবাইদা রহমান চিকিৎসাশাস্ত্রে সাফল্যের সঙ্গে শিক্ষা সম্পন্ন করেন। পরে তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়ে সরকারি স্বাস্থ্যসেবায় দায়িত্ব পালন করেন। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে তিনি হৃদরোগ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং এ ক্ষেত্রে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি লাভ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় বিদেশে অবস্থান করলেও ডা. জুবাইদা রহমান দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেছেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনা, স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট চিকিৎসা কার্যক্রম সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি সুস্থ সমাজ গঠনে স্বাস্থ্যসেবার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাও জরুরি। সেই লক্ষ্যেই নিমসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।
বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবেশবান্ধব উদ্যোগের কথাও স্মরণ করেন। তারা বলেন, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে তার বিভিন্ন উদ্যোগ আজও অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়।
আয়োজকদের মতে, এ ধরনের কর্মসূচি স্বাস্থ্যখাতের পেশাজীবীদের সামাজিক ও পরিবেশগত দায়িত্ববোধের প্রতিফলন। চিকিৎসাসেবার পাশাপাশি পরিবেশ রক্ষায়ও তাদের সক্রিয় ভূমিকা থাকা প্রয়োজন।
অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মাজহারুল শাহীন, অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. জাকির হোসেন বিপ্লব, নাক-কান-গলা বিভাগের প্রধান ডা. আসাদুর রহমান, নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মেজবাহ উদ্দিন নোমান, হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহমুদুর রহমান নোমান, চর্ম ও যৌনরোগ বিভাগের প্রধান ফখরুজ্জামান রনি, শিক্ষক সমিতির সদস্যসচিব আহমেদ সামি আল হাসান, বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মির্জা আসাদুজ্জামান রতন, ইউরোলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক ডা. মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
