বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম এবং তথ্য খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে চীনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এবং চায়না মিডিয়া গ্রুপের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বাংলাদেশের পক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং গণমাধ্যম খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টি হবে। এর আওতায় সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি, গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তোলা এবং বিভিন্ন বিষয়ে যৌথ উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া উন্নয়নশীল দেশগুলোর গণমাধ্যম নিয়ে যৌথ গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সম্প্রচার কার্যক্রমে সহযোগিতা এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রও আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরসঙ্গী হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গত ২৩ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফর শেষে প্রধানমন্ত্রী আজ (২৬ জুন) রাতে প্রতিনিধি দলসহ দেশে ফিরবেন বলে জানা গেছে।
