দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে কাজ করছে সরকার: আমিনুল হক

ঢাকা, ২৭ জুন: শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষিত তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, শুধু সনদ অর্জন নয়, শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে পরিণত করাই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের বিভিন্ন এলাকায় প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর পল্লবী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা খাতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং বিদ্যালয় ও কলেজের অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি এলাকায় শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, উচ্চশিক্ষার সনদ অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জন করতে হবে, যাতে তারা কর্মসংস্থানের জন্য উপযুক্ত হয়ে উঠতে পারে। এ লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষিত বেকার তরুণদের দক্ষ করে তোলা হচ্ছে এবং পর্যায়ক্রমে আরও বেশি তরুণকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে আমিনুল হক বলেন, কিছু অসাধু ব্যক্তি সব সময় শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যাতে শিক্ষার পরিবেশ ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, একটি কলেজ শুধু সরকারের নয়, এটি এলাকার মানুষেরও প্রতিষ্ঠান। তাই কলেজের সার্বিক উন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার মান বৃদ্ধিতে স্থানীয় জনগণ, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লবী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. ইছাহাক (শিপন) এবং পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট আলী আশরাফ লিটন।