ঢাকা, ২৬ জুন: মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর দেশে ফেরা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহ্দী আমিন সফরের বিভিন্ন দিক তুলে ধরে গণমাধ্যমকে অবহিত করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর প্রথম সরকারি বিদেশ সফরে বাংলাদেশ ও সফররত দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সফরটি বাংলাদেশের জন্য ইতিবাচক ও তাৎপর্যপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজন মাহমুদ, শাহাদাৎ স্বাধীন এবং সহকারী প্রেস সচিব কে. এম. নাজমুল হক খান।
এর আগে শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ১৬ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ঢাকা উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সফরসঙ্গীরাও একই উড়োজাহাজে দেশে ফেরেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সরকারের মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জ্যেষ্ঠ নেতারাও বিমানবন্দরে উপস্থিত থেকে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান।
