এইচএসসি পরীক্ষা ঘিরে গুজব ছড়ালে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষার পরিধি বাড়ানোর ঘোষণা

দিনাজপুর: আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করতে প্রশ্নপত্র ফাঁস নিয়ে যেকোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে কেউ গুজব ছড়ালে বা বিরূপ মন্তব্য করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে এবং জড়িত ব্যক্তিদের আটক করবে।

শুক্রবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোনো ধরনের গুজব ছড়ানো বা সামাজিক যোগাযোগমাধ্যমসহ অন্য কোনো মাধ্যমে বিভ্রান্তিকর ও বিরূপ মন্তব্য করা হলে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপচেষ্টা রুখে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি পরীক্ষা নিয়ে যেকোনো ধরনের অপপ্রচার প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

শিক্ষাব্যবস্থার সংস্কার প্রসঙ্গে আ ন ম এহছানুল হক মিলন বলেন, এবার সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আবশ্যিক ও অভিন্ন বিষয়গুলোর জন্যও একই প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। এতে সব ধারার শিক্ষার্থীদের মেধা মূল্যায়নে সমতা প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মাদ্রাসাশিক্ষার মানোন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশে মাদ্রাসা পরিদর্শকের সংখ্যা কম হওয়ায় অনেক প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শনের আওতায় আনা সম্ভব হয় না। এই সীমাবদ্ধতা দূর করতে মাদ্রাসা শিক্ষা বোর্ডগুলোকে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে সমন্বয় করে পরিদর্শনের পরিধি ও সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারাও সভায় অংশ নেন।