নাইজেরিয়ায় প্রথমবার রপ্তানি হলো ১০ হাজার ৪৪০টি বাচ্চা উৎপাদনযোগ্য ডিম

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো নাইজেরিয়ায় ১০ হাজার ৪৪০টি বাচ্চা উৎপাদনযোগ্য ডিম রপ্তানি করা হয়েছে। ডিমগুলো রপ্তানি করেছে কাজী ফার্মস লিমিটেড।

রোববার (২৮ জুন) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গ্রামে এ রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

রপ্তানি করা ডিমগুলো ‘রস ৩০৮’ জাতের ব্রয়লার মুরগির পিতৃ-মাতৃ পর্যায়ের বাচ্চা উৎপাদনযোগ্য ডিম। এ চালান থেকে ১৮ হাজার ৭২৯ মার্কিন ডলার আয় হবে।

বাচ্চা উৎপাদনযোগ্য ডিম বলতে এমন ডিমকে বোঝায়, যা উপযুক্ত তাপমাত্রা ও আর্দ্রতায় যন্ত্রের মাধ্যমে তা দিয়ে মুরগি, হাঁস বা কোয়েলের বাচ্চা উৎপাদন করা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন। তাঁর নির্দেশনায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতও ধীরে ধীরে একটি শক্তিশালী রপ্তানিমুখী খাতে পরিণত হবে। আজকের এই রপ্তানি কার্যক্রম সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং দেশের রপ্তানি বহুমুখীকরণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তিনি বলেন, বাংলাদেশ যখন নিজস্ব চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে সক্ষম হয়, তখন তা দেশের সক্ষমতারই প্রতিফলন। এটি শুধু একটি বাণিজ্যিক কার্যক্রম নয়, বরং দেশের প্রাণিসম্পদ খাতের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনেরও গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ ধরনের রপ্তানির পরিধি আরও বাড়বে এবং দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোয়ারেন্টিন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, কাজী ফার্মস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।