আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে এ পরিদর্শনে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

রোববার (২৮ জুন) সকাল ৯টা ১৫ মিনিটে আগারগাঁওয়ে স্পারসোর কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শন শেষে তিনি চলমান গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের গবেষণা, উদ্ভাবন এবং চলমান প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে প্রতিষ্ঠানটির সক্ষমতা আরও বাড়াতে হবে।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তি নিয়ে গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত জাতীয় প্রতিষ্ঠান।