কেবল সনদনির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা, নৈতিকতা এবং কর্মজীবনের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই বর্তমান সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার (২৮ জুন) রাজধানীর তেজগাঁও কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা হবে, যাতে শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান-উপযোগী নাগরিক হিসেবে গড়ে ওঠে। ডিগ্রিনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে এসে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি বলেন, বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের গড় এইচএসসি শিক্ষার্থীর শিক্ষাগত দক্ষতা অনেক ক্ষেত্রে সিঙ্গাপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সমমানের। এই বাস্তবতা অত্যন্ত উদ্বেগজনক। তাই শুধু পরীক্ষায় উত্তীর্ণ করানো নয়, শিক্ষার্থীদের প্রকৃত শেখা, দক্ষতা অর্জন এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।
ববি হাজ্জাজ বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং পরিকল্পনার ঘাটতির কারণে দেশের শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে বহু শিক্ষার্থী ডিগ্রি অর্জনের পরও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী এমন সব বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করছে, যেখানে কর্মসংস্থানের সুযোগ তুলনামূলকভাবে কম। তাই সময়োপযোগী, পেশাভিত্তিক ও দক্ষতাকেন্দ্রিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এখন সময়ের দাবি।
নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, একটি উন্নত রাষ্ট্র গঠনে মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন নাগরিক তৈরি করা অত্যন্ত জরুরি। শিক্ষা ব্যবস্থায় এসব বিষয়কে আরও গুরুত্ব দেওয়া হবে।
তেজগাঁও কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, তেজগাঁও কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. মোখলেস উর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা।
