অনুমোদনহীন হজ প্যাকেজে অর্থ লেনদেন না করার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আকর্ষণীয় হজ প্যাকেজের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে অনুমোদনহীন কোনো প্রতিষ্ঠান, দল বা কাফেলার সঙ্গে ২০২৭ সালের হজের জন্য আর্থিক লেনদেন না করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২৮ জুন) মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের এ বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু অনুমোদনহীন এজেন্সি, প্রতিনিধি বা কাফেলা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজের প্রচারণা চালিয়ে সাধারণ মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। অথচ সরকার অনুমোদিত, বৈধ লাইসেন্সধারী এবং তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হজ কার্যক্রম পরিচালনার আইনগত অনুমতি নেই। এসব অনুমোদনহীন প্রতিষ্ঠানের মাধ্যমে হজে যাওয়াও সম্ভব নয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০২৭ সালের হজ প্যাকেজ এবং প্রয়োজনীয় নির্দেশিকা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর প্রকাশিত প্যাকেজ ও নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রতারণা এড়াতে হজে নিবন্ধনের আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বৈধ হজ এজেন্সির তথ্য যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।