জনপরিসর ও জলবায়ু ভাবনায় শিল্প-স্থাপত্য প্রদর্শনীর উদ্বোধন

রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে ‘সহাবস্থানের স্থাপত্য: বঙ্গীয় বদ্বীপে জনপরিসরের স্থানিক আখ্যান’ শীর্ষক আন্তঃবিষয়ক শিল্প ও স্থাপত্য প্রদর্শনীর উদ্বোধন করেছে ব্রিটিশ কাউন্সিল। রোববার (২৮ জুন) শুরু হওয়া এ প্রদর্শনী আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

ব্রিটিশ কাউন্সিলের ‘বিশ্বের নারীরা’ বাংলাদেশ অনুদান কর্মসূচির সহায়তায় আয়োজিত এ প্রদর্শনীতে নারীবাদী নৈতিকতা, জলবায়ু-সংবেদনশীল পরিকল্পনা এবং জনসম্পৃক্ততার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক জনপরিসর গড়ে তোলার বিভিন্ন ধারণা তুলে ধরা হয়েছে।

প্রকল্পটির নেতৃত্ব দিয়েছেন স্থপতি সাইকা ইকবাল মেঘনা ও শুভ্র শোভন চৌধুরী। প্রদর্শনীর ভাবনা ও উপস্থাপনার দিকনির্দেশনা দিয়েছেন লুভা নাহিদ চৌধুরী এবং শিল্পী ওয়াকিলুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। তিনি বলেন, বাংলাদেশের নগর পরিকল্পনা ও জনপরিসরকে জলবায়ু পরিবর্তনের বাস্তবতা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যান এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এ উদ্যোগকে জলবায়ু-সংবেদনশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

বিশেষ বক্তা হিসেবে স্থপতি ও শিক্ষাবিদ অধ্যাপক কাজী খালিদ আশরাফ বলেন, স্থানীয় উপকরণ, কারুশিল্প এবং মানুষের সক্রিয় অংশগ্রহণের সমন্বয়ে আয়োজিত এ প্রদর্শনী স্থাপত্য, প্রকৃতি ও জনপরিসরের মধ্যে নতুন সম্পর্ক ও সংলাপের সুযোগ সৃষ্টি করেছে।