ঢাকা: আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে রাজধানীর সব পরীক্ষাকেন্দ্র ঘিরে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও পরীক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে নগরবাসী ও যানবাহন চালকদের জন্যও একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, আগামী ২ জুলাই থেকে পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষার দিন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তির অনধিকার প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার পরিবেশ নির্বিঘ্ন রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই শুরু হবে। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএম/বিএমটি) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও একই দিন থেকে শুরু হবে। রাজধানীতে মোট ৩০৯টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছানোর জন্য পর্যাপ্ত সময় হাতে রেখে বাসা থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছে ডিএমপি। ব্যক্তিগত গাড়িতে যাওয়া শিক্ষার্থীদের কেন্দ্রের মূল ফটকের সামনে না নেমে কাছাকাছি অপেক্ষাকৃত কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। পরীক্ষা শেষে একইভাবে কিছুটা দূরের স্থান থেকে গাড়িতে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে।
ডিএমপি স্পষ্ট জানিয়েছে, কোনো অবস্থাতেই পরীক্ষাকেন্দ্রসংলগ্ন সড়কে যানবাহন পার্কিং করা যাবে না। এ নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিভাবকদেরও পরীক্ষাকেন্দ্রের আশপাশে অযথা অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। কারণ, এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডসহ আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
এ ছাড়া পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া অন্য যানবাহন ও যাত্রীদের পরীক্ষাকেন্দ্রসংলগ্ন সড়ক এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে পুলিশ।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষার প্রথম ৩০ মিনিট বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরবর্তী আড়াই ঘণ্টা রচনামূলক অংশের জন্য নির্ধারিত থাকবে।
সূচি অনুযায়ী, ২ জুলাই বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে।
