দেশের প্রশাসনিক কাঠামোতে যুক্ত হচ্ছে আরও তিনটি নতুন উপজেলা এবং একটি নতুন থানা। একই সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশ প্রশাসনিকভাবে ঢাকা জেলার সীমানায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন উপজেলা হিসেবে অনুমোদন পেয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। পাশাপাশি চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন হালদা থানা গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জনসেবা আরও সহজ ও দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করতে এসব নতুন প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রারের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠিত হবে ফটিকছড়ি উত্তর উপজেলা। কুমিল্লার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে গঠন করা হয়েছে বাঙ্গরা উপজেলা। এছাড়া ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত হবে দক্ষিণ গফরগাঁও উপজেলা। অন্যদিকে, চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে নতুন হালদা থানা প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে পূর্বাচল নতুন শহর প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এতদিন রাজউকের পূর্বাচল প্রকল্পের একটি বড় অংশ নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতায় থাকায় প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালনায় বিভিন্ন জটিলতা তৈরি হতো। সেই জটিলতা দূর করতে পুরো পূর্বাচল প্রকল্পকে প্রশাসনিকভাবে ঢাকা জেলার সীমানার অন্তর্ভুক্ত করার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেন, জনস্বার্থ এবং প্রশাসনিক সেবার মান উন্নয়নের লক্ষ্যেই এই পুনর্বিন্যাস করা হয়েছে। বিশেষ করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের উন্নয়ন কার্যক্রমে সমন্বয় আনতে পুরো প্রকল্প এলাকাকে ঢাকা জেলার আওতায় আনা হয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী উপস্থিত ছিলেন।
এছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে অংশ নেন।
নিকারের সর্বশেষ এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের প্রশাসনিক মানচিত্রে যুক্ত হবে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা। একই সঙ্গে পূর্বাচল নতুন শহর প্রকল্প প্রশাসনিকভাবে সম্পূর্ণরূপে ঢাকা জেলার অংশ হিসেবে পরিচালিত হবে।
