ঢাকা, ৩ জুলাই ২০২৬: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই জনবান্ধব বাজেট পাস করা হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, রাজনৈতিক পরিচয় না থাকলেও হিন্দু ধর্মাবলম্বী অনেক মানুষ শেখ হাসিনার শাসনামলে নিপীড়নের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, চক্রান্তের মাধ্যমে কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হলেও বাস্তবে বাঙালিকে বিভক্ত করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে হিন্দু ধর্মাবলম্বীরা জাতীয়তাবাদী শক্তিকে বিজয়ী করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বিএনপির এই নেতা।
