জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আইজিপি

জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর পুলিশ প্রধানদের পঞ্চম সম্মেলনে অংশ নিতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ৭ ও ৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এ সম্মেলন।

বাংলাদেশ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দিবাগত রাতে আইজিপি মো. আলী হোসেন ফকির যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. আব্দুল্লাহ আল-মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্মেলনের মূল অধিবেশনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বক্তব্য রাখবেন। তাঁদের বক্তব্যে জাতিসংঘের ভবিষ্যৎ পুলিশ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার, বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, শান্তিরক্ষা মিশনে অবদান এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনমুখী পুলিশিং কার্যক্রম তুলে ধরা হবে।

সম্মেলনের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদল জাতিসংঘ পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবে। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের বর্তমান ও ভবিষ্যৎ অংশগ্রহণ, উচ্চপর্যায়ে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব বৃদ্ধি, প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়ন এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘ পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হবে।

আগামী ৭ ও ৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পুলিশপ্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন।

বাংলাদেশ পুলিশ জানিয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ পুলিশ অবদানকারী দেশ হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, নেতৃত্ব এবং শান্তিরক্ষা কার্যক্রমে অবদানকে আরও শক্তিশালী ও দৃশ্যমান করবে।