জরুরি পাইপলাইন সংস্কার: গাজীপুর-টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজের কারণে আগামী কাল মঙ্গলবার (৭ জুলাই) গাজীপুর ও টাঙ্গাইলের কয়েকটি এলাকায় টানা ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় শিল্প, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি গ্রাহকদের গ্যাস সংযোগ বন্ধ থাকবে এবং আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে।

সোমবার (৬ জুলাই) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত জয়দেবপুর থেকে কুমুদিনী পর্যন্ত ১০ ও ২০ ইঞ্চি ব্যাসের ১৪০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন কাজ চলবে। এ কারণে ওই সময়জুড়ে সংশ্লিষ্ট লাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এর আওতায় গাজীপুর ডিভিশনের জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকায় ১০ ও ২০ ইঞ্চি লাইনের সঙ্গে সংযুক্ত সব শিল্প, ক্যাপটিভ পাওয়ার এবং সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস জানিয়েছে, পাইপলাইন সংস্কার কাজের কারণে তৎসংলগ্ন এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকার ফলে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।