বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশিক্ষণ এলাকায় গিয়ে তিনি সেনাসদস্যদের যুদ্ধপ্রস্তুতি, কৌশলগত মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি সেনাসদস্যদের সঙ্গে সময় কাটিয়ে তাদের মনোবল ও পেশাদারিত্বের প্রশংসা করেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিক সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী গ্রীষ্মকালীন সামরিক মহড়ার মাঠপর্যায়ে উপস্থিত হয়ে সেনাসদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করলেন।
সফরকালে প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ পায়ে হেঁটে ঘুরে দেখেন। তিনি ‘ফার্ম বেস’-এর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে চলমান প্রশিক্ষণ, যুদ্ধকৌশল এবং অপারেশনাল প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
এ সময় একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সেনাসদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া সরাসরি প্রত্যক্ষ করেন।
মহড়া পরিদর্শনের সময় তিনি যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল প্রয়োগ, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে দেখেন। তিনি সেনা বাঙ্কারে নেমে অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থান নেওয়া সেনাসদস্যদের কাছেও গিয়ে তাদের দায়িত্ব পালনের বিষয়ে খোঁজখবর নেন এবং উৎসাহ দেন।
একপর্যায়ে প্রধানমন্ত্রী মহড়ায় অংশ নেওয়া সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সঙ্গে চা পান করেন। মাঠপর্যায়ে সরকারপ্রধানকে দীর্ঘ সময় পাশে পেয়ে সেনাসদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
পরে সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণের বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর আস্থা রয়েছে। জাতীয় সংকট মোকাবিলা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
