চকবাজারে পলিথিন কারখানায় র‌্যাবের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

রাজধানীর চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আরেকটি প্লাস্টিক কারখানার মালিককে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

রাজধানীর চকবাজার থানার পোস্তা এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানার মালিক মো. জুয়েল রানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে র‌্যাব-১০-এর সিপিএসসি লালবাগ ক্যাম্পের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে পোস্তা এলাকায় একটি পলিথিন উৎপাদন কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকায় একটি প্লাস্টিক কারখানার মালিককে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই বাহিনীটি আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, জালিয়াতি, ভেজাল পণ্য, নকল ওষুধ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাব আরও জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে তাদের শূন্য সহনশীলতা নীতি ভবিষ্যতেও বহাল থাকবে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখা হবে।