কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা, ডিজিটাল লার্নিং এবং ভবিষ্যতের কর্মক্ষেত্র নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ‘মুডলমুট’ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে। আগামী ১১ জুলাই ঢাকায় আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও করপোরেট প্রতিনিধিরা অংশ নেবেন।
বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন ‘মুডলমুট’ (MoodleMoot) অনুষ্ঠিত হবে আগামী ১১ জুলাই। ওপেন সোর্স শিক্ষাব্যবস্থা মুডল-এর ব্যবহারকারী, অংশীদার, উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত এ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের মুডল পার্টনার ব্রেইন স্টেশন ২৩।
‘কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বৃহৎ পরিসরে শিক্ষা ও কর্মক্ষেত্রের শেখার অভিজ্ঞতার রূপান্তর’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় শিক্ষা ও কর্মক্ষেত্রে শেখার অভিজ্ঞতাকে আরও কার্যকর, ব্যক্তিকেন্দ্রিক এবং টেকসই করে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। সম্মেলনে সরাসরি উপস্থিত হওয়ার পাশাপাশি অনলাইনেও অংশ নেওয়ার সুযোগ থাকবে।
সম্মেলনে অনলাইনে বক্তব্য দেবেন মুডলের প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাক্স এসপলে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চ্যানেল ম্যানেজার স্কট অ্যান্ডারবার্গ, মুডলের টেকনিক্যাল আর্কিটেক্ট ও বাংলাদেশি প্রযুক্তিবিদ এ কে এম সাফাত শাহিন এবং ব্রেইন স্টেশন ২৩-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা মিজানুর রহমান।
করপোরেট খাতে ডিজিটাল লার্নিং নিয়ে বিশেষ অধিবেশনে অংশ নেবেন আরএকে সিরামিকসের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ হোসেন। এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ায় মুডল বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরবেন ফিলিপাইনের নেফলিয়া ওয়েব টেকনোলজির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেরিল ভিলারোমান।
আয়োজকদের মতে, দেশে শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং করপোরেট খাতে ডিজিটাল লার্নিংয়ের চাহিদা দ্রুত বাড়ছে। এ প্রেক্ষাপটে সম্মেলনটি শিক্ষা ও কর্মক্ষেত্রের ডিজিটাল রূপান্তর, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং নতুন সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে।
সম্মেলনে নিবন্ধিত অংশগ্রহণকারীরা ই-লার্নিং সেবায় ব্যবহারের জন্য ব্রেইন স্টেশন ২৩-এর পক্ষ থেকে ৫০ হাজার টাকা মূল্যের সার্ভিস ক্রেডিট ভাউচার পাবেন।
আগামী ১১ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত রাজধানীর মহাখালীতে ব্রেইন স্টেশন ২৩-এর কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আগ্রহীরা নিবন্ধনের মাধ্যমে সরাসরি বা অনলাইনে এতে অংশ নিতে পারবেন।
