অর্থ পাচার রোধ, রাজস্ব ব্যবস্থার দুর্বলতা দূর করা এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করাকে বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি বীমা খাতকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার আহ্বান জানিয়েছেন।
বর্তমান সরকার দেশের অর্থনীতিকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাতে অর্থ পাচার রোধ, রাজস্ব ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আগের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন বর্তমান সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শুধু রাষ্ট্র পরিচালনার জন্য ক্ষমতায় আসেনি; জনগণের প্রত্যাশা পূরণে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর কার্যকর সংস্কার ও স্থায়ী সমাধানে কাজ করছে।
তিনি বলেন, একজন নাগরিক যখন নিজের ভবিষ্যৎ নিয়ে নিরাপদ বোধ করেন, তখন তিনি বিনিয়োগ ও উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আরও বেশি আত্মবিশ্বাসী হন। আর সেই নিরাপত্তাবোধ তৈরিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এ খাতের উন্নয়ন দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।
বীমা খাতকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করে জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক অর্থনীতিতে বীমা একটি গুরুত্বপূর্ণ খাত। এটি আরও শক্তিশালী করা গেলে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়বে এবং মানুষের মধ্যে ভবিষ্যৎ নিয়ে নিরাপত্তাবোধ ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ বৃদ্ধি পাবে।
তিনি বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বীমা খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত অর্থমন্ত্রীর কাছে সুস্পষ্ট সুপারিশ তুলে ধরতে হবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারের সঙ্গে সমন্বয় করে এমন নীতিগত ও আইনি কাঠামো গড়ে তুলতে হবে, যাতে বীমা খাত আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব হয়ে ওঠে।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংসদ সদস্য সাঈদ আহমেদসহ বীমা খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
