বাংলাদেশে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ এবং নদীভাঙন প্রতিরোধে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। ঢাকায় পানি সম্পদমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশটির রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান।
বাংলাদেশে পানি সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন, নদীর তীর সংরক্ষণ এবং নদীভাঙন প্রতিরোধে যৌথভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস সরকার।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল এ আগ্রহের কথা জানান। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও উপস্থিত ছিলেন।
বৈঠকে পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি পানি সম্পদ ব্যবস্থাপনায় দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা, শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের আহ্বান জানান।
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে পানি সম্পদ ব্যবস্থাপনায় কারিগরি সহযোগিতার জন্য নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডসের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
জবাবে রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডস উভয়ই বদ্বীপভিত্তিক দেশ। ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে দুই দেশের মধ্যে অনেক মিল রয়েছে। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ এবং নদীভাঙন প্রতিরোধে নেদারল্যান্ডস সরকার সহযোগিতা করতে আগ্রহী।
তিনি আরও বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নেদারল্যান্ডস অতীতের মতো ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।
