ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১৭ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি বাইসাইকেলও জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
শনিবার (১১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রাত ১২টা ১৫ মিনিটের দিকে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীন আলীনগর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী ভাগলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সীমান্ত পিলার ২০১৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গলে অবস্থান নিয়ে বিজিবি সদস্যরা নজরদারি চালান। একপর্যায়ে ৭-৮ জন চোরাকারবারিকে ভারত থেকে দুটি বাইসাইকেলে চটের বস্তা বহন করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে ধাওয়া করা হলে তারা বস্তা ও বাইসাইকেল ফেলে পালিয়ে যায়।
পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে কার্টনের মধ্যে কসটেপ দিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৯৬০টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা ডিসপ্লে ও দুটি বাইসাইকেলসহ মোট জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৩ কোটি ১৭ লাখ টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
