রাজধানীর উত্তরার পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে ৯৬১ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা এবং একটি মিনি পিকআপ গাড়িসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৩)।
ডিএমপির উত্তরা পশ্চিম থানা সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোড এলাকায় রাস্তার ওপর অভিযান চালিয়ে একটি মিনি পিকআপ গাড়িসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা পিকআপ তল্লাশি করে ৯৬১ বোতল ফেন্সিডিল, মাদক বিক্রির ২ লাখ ৯০ হাজার টাকা এবং মিনি পিকআপ গাড়িটি জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
