আমিনবাজার-হেমায়েতপুরে ১.২ কিলোমিটার মহাসড়কজুড়ে বর্জ্য অপসারণ, লাগানো হবে নিমগাছ

সাভারের আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন করার পাশাপাশি প্রায় ১ দশমিক ২ কিলোমিটার এলাকাজুড়ে নিমগাছ লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রম পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাস্তবায়ন হওয়া এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের দুর্গন্ধ থেকে মুক্ত হবে মহাসড়কের এ অংশ।

সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে চলমান বর্জ্য অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনকালে শনিবার তিনি এ কথা বলেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “আমিনবাজার থেকে হেমায়েতপুর পর্যন্ত মহাসড়কের দুই পাশ দীর্ঘদিন ধরে বর্জ্য ও অব্যবস্থাপনার কারণে অপরিচ্ছন্ন অবস্থায় ছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার নির্দেশে ঢাকা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রায় ১ দশমিক ২ কিলোমিটার এলাকায় বর্জ্য অপসারণ, পরিবেশ পরিচ্ছন্নকরণ এবং মহাসড়কের দুই পাশে নিমগাছের চারা রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“এর ফলে প্রায় ২০ বছর পর প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-আরিচা মহাসড়কের এ অংশ দুর্গন্ধমুক্ত হবে।”

সাভার পৌরসভা এলাকার বাসিন্দা, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সবার প্রতি নির্ধারিত ভাগাড়ে বর্জ্য ফেলার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, “পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সফল হবে।”

তার কথায়, “বাংলাদেশকে সিঙ্গাপুর বা কানাডা নয়, বরং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য দেশে পরিণত করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

চলমান বৃষ্টির পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কার করা হবে বলেও এ সময় আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার যে সুদূরপ্রসারী উদ্যোগ, তা বাস্তবায়নে জেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

“এখানে আমিনবাজার ভাঙা ব্রিজ এলাকার ১ দশমিক ২ কিলোমিটার রাস্তার বর্জ্য পরিষ্কার করে ১৫ ফুট বালু দিয়ে নেটিং করে ব্যারিকেড দিয়ে নিমগাছের চারা রোপণ করা হবে।”

পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুর রাফিউল আলম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, সহকারী কমিশনার (নেজারত শাখা) মো. আদনান জুলফিকার এবং সাভার উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. মিনারুল ইসলাম।

উল্লেখ্য, এর আগে রোববার (৫ জুলাই) আমিনবাজার এলাকা পরিদর্শন শেষে ঢাকা জেলা প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা বর্জ্য ৩০ দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেয়। একই সঙ্গে ভবিষ্যতে সেখানে যাতে আর বর্জ্য ফেলা না হয়, সে জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ, নতুন ডাম্পিং স্টেশন স্থাপন এবং বর্জ্য অপসারণ শেষে মহাসড়কের দুই পাশে সবুজ বেষ্টনী গড়ে তোলার পরিকল্পনার কথাও জানানো হয়।