সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা দিতে মাঠপর্যায়ে প্রস্তুতি শুরু করেছে সরকার। এ লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হলে ক্ষয়ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা টাউন হল মাঠে জাতীয় বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন জেলার কৃষিজমি, ফসল ও কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণে স্থানীয় প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা চূড়ান্ত হওয়ার পর ক্ষতির ধরন অনুযায়ী কৃষকদের বীজ, সার, কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত আবার কৃষিকাজে ফিরতে পারেন।
তিনি বলেন, কৃষকের উৎপাদন অব্যাহত রাখা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব সময় আন্তরিক। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে মন্ত্রী বলেন, দীর্ঘদিনের লুটপাটের সংস্কৃতি অনেকের মধ্যে এখনো রয়ে গেছে। তবে সবাইকে বুঝতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন। তাই এ কর্মসূচিতে অনিয়মের কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ রাজনৈতিক, সামাজিক, কৃষি বিভাগ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একই অনুষ্ঠানে মন্ত্রী জানান, বন্যাকবলিত এলাকার ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে। তালিকা সম্পন্ন হওয়ার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
