সরকার জেলা ও উপজেলায় ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে এবং চলতি বছরের মধ্যেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজি ল্যাবরেটরি স্থাপন করা হবে। আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে সোনারগাঁও হোটেলে ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন আয়োজিত ‘সাসটেইনিং প্লে, লার্নিং অ্যান্ড স্কিলস ইন হিউম্যানিটারিয়ান কনটেক্সটস (স্প্ল্যাশ)’ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০টি নতুন ডায়ালাইসিস বেড যুক্ত হচ্ছে বলে তিনি জানান। আর জেলা সদর হাসপাতালে স্থাপন করা হচ্ছে ১০টি করে ডায়ালাইসিস বেড। মানুষের সুবিধার্থে প্রতিটি উপজেলায় ১০টি করে ডায়ালাইসিস বেডের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
চলতি বছরের মধ্যেই প্রতিটি উপজেলা হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাবরেটরি স্থাপন করা হবে বলে ঘোষণা দেন তিনি। ল্যাব স্থাপনে চলতি মাসেই প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি ও দরপত্র (টেন্ডার) আহ্বানের প্রক্রিয়া শুরু হচ্ছে বলেও জানান মন্ত্রী।
দেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্মের হার বাড়ছে, প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একদল দালাল মায়েদের ঘর থেকে এমন চিকিৎসকদের কাছে নিয়ে যায়, যারা সরাসরি অন্তঃসত্ত্বাদের অস্ত্রোপচারের কক্ষে নিয়ে যায়। সিজারিয়ান অপারেশন একটি দালাল চক্রের হাতে চলে যাচ্ছে। পাশাপাশি অস্ত্রোপচারের পর শিশুদের মায়েদের শালদুধ খেতে দেওয়া হয় না, যা শিশুদের পরবর্তী পুষ্টি ও ভিটামিনের ঘাটতির কারণ হচ্ছে। দালাল চক্রের দৌরাত্ম্য শেষ করে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তান জন্ম দেওয়ার সময় এসেছে বলেন তিনি এবং এই লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান।
মা ও শিশুদের স্বাস্থ্যসুরক্ষায় এবং নিরাপদ প্রসব নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই লক্ষ্যে সরকার প্রসূতি সেবায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদার (মিডওয়াইফ) এবং পরিচর্যাকারী নিয়োগ দেবে। মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এখন থেকে মিডওয়াইফ ও কেয়ারগিভাররা বিশেষ স্ক্রিনিং মেশিন নিয়ে সরাসরি বাড়ি বাড়ি গিয়ে গ্রামীণ মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করবেন।
দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী, এটিকে উদ্বেগজনক উল্লেখ করে সাখাওয়াত বলেন, এই হারকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকার দেশব্যাপী জন্ম নিয়ন্ত্রণ অভিযান শুরু করবে। গ্রামীণ পর্যায়ে এক সময় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সহজলভ্যতা ছিল, সেটি আবার ফিরিয়ে আনা হবে।
অনুষ্ঠানে ব্র্যাক জানায়, মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশন ‘স্প্ল্যাশ’ উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের আওতায় পাঁচ বছরে বাংলাদেশ ও উগান্ডার চার লাখ শিশু পাবে খেলাভিত্তিক শিক্ষার সুযোগ।
উদ্বোধনী অধিবেশনে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, কক্সবাজারে অতিবৃষ্টি ও ভূমিধসে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। এ প্রতিকূল পরিস্থিতিতেও সেখানে মৌলিক অধিকারের পাশাপাশি শিশুদের প্রারম্ভিক বিকাশ, খেলাধুলা ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে ব্র্যাক। সংস্থাটি গত তিন বছর ধরে এই সংকটময় পরিস্থিতিতে কম খরচে টেকসই মডেলের মাধ্যমে কমিউনিটি স্বাস্থ্যসেবা, ওয়ান-রুম স্কুল এবং পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক মো. আকরামুল ইসলাম খেলাভিত্তিক শিক্ষার গুরুত্ব এবং শিশুদের বিকাশে এর ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, কর্মসূচির আওতায় দেশের ৪৩টি জেলা ও সাতটি সিটি করপোরেশনে মা-শিশু স্বাস্থ্য, পুষ্টি ও মানসিক সেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া ৬১টি জেলায় চক্ষুসেবা এবং রোহিঙ্গা ক্যাম্পে তিন লাখ মানুষকে জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি খেলার ছলে প্রারম্ভিক শিশুবিকাশ ও মায়েদের মানসিক সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখছে সংস্থাটি।
লেগো ফাউন্ডেশনের আন্তর্জাতিক কর্মসূচির প্রধান তারেক আলামি সারা দেশে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও শিশু উন্নয়নে ব্র্যাক এবং লেগো ফাউন্ডেশনের অংশীদারিত্বের কথা উল্লেখ করেন।
এনজিও–বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) মোহাম্মদ জাকারিয়া রোহিঙ্গা কমিউনিটিতে ব্র্যাকের নতুন উদ্যোগ ভালোভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান এই উদ্যোগ যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও পরবর্তী পরিচালনা করা হয় সে বিষয়ে দাতা সংস্থার কাছে আহ্বান জানান।
আয়োজকেরা জানান, বর্তমানে বিশ্বে ৪৭ কোটি ৩০ লাখের বেশি শিশু সংঘাত ও মানবিক সংকটের মধ্যে বসবাস করছে। এর মধ্যে ৫ কোটি ২০ লাখের বেশি শিশু বিদ্যালয়ের বাইরে রয়েছে। এসব এলাকায় শিক্ষা, সুরক্ষা ও মানসিক-সামাজিক সহায়তার সুযোগ খুবই সীমিত।
এই বাস্তবতায় ব্র্যাক ও লেগো ফাউন্ডেশন পাঁচ বছর মেয়াদি পাঁচ কোটি মার্কিন ডলারের অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশ ও উগান্ডার চার লাখ শিশু-কিশোরকে সহায়তা দেবে। পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের সক্ষমতা বাড়ানো হবে।
বাংলাদেশে চলতি বছরের জুন থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত ‘স্প্ল্যাশ’ প্রকল্পের আওতায় জন্ম থেকে ১৮ বছর বয়সী শিশুদের খেলাভিত্তিক শিক্ষা, প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণ, জীবনদক্ষতা, কারিগরি প্রশিক্ষণ, মেন্টরশিপ, জীবিকায়নের সুযোগ এবং স্থানীয় সম্প্রদায়ের সম্পৃক্ততা জোরদার করা হবে।
শিশুদের জন্য খেলাভিত্তিক শিক্ষার গুরুত্বের নানা দিক তুলে ধরেন ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের (বিআইইডি) নির্বাহী পরিচালক ড. ইরাম মরিয়াম। ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন (গ্লোবাল) কর্মসূচির প্রধান ডা. রাফিয়াত রশীদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
এ ছাড়া উন্নয়ন সহযোগী সংস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন অংশীজনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন।
