সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর ১৪তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত এ নির্বাচনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৪০০ ভোটার অংশগ্রহণ করেন।

১৯৮২ সালের ৭ আগস্ট প্রতিষ্ঠিত এসএএবি বর্তমানে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ছয় হাজারের বেশি সদস্যের প্রতিনিধিত্বকারী একটি সংগঠন। সংগঠনটির সদস্যরা শিক্ষা, বিজ্ঞান, প্রকৌশল, চিকিৎসা, গবেষণা, জনপ্রশাসন, ব্যবসা ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

নির্বাচনের মাধ্যমে ২২ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত কমিটি এসএএবির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও মানবিক সহযোগিতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।

এ উপলক্ষে ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। তিনি বলেন, এসএএবি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক বোঝাপড়া এবং একাডেমিক ও সাংস্কৃতিক বিনিময় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ান হাউস ভবিষ্যতেও এসএএবি এবং এর অ্যালামনাই সদস্যদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষা গ্রহণ ও সরকারি বৃত্তির সুযোগ সম্প্রসারণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাশিয়ায় শিক্ষালাভকারী বাংলাদেশি গ্র্যাজুয়েটদের (স্নাতক) দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করা হবে। সংশ্লিষ্টদের মতে, দুই দেশের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের অ্যালামনাই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।