৭ জানুয়ারির বদলে ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা

রোজা ও ঈদের সময় বিবেচনায় আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা জানুয়ারিতে শুরু করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে শিক্ষা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ এবং শেষ হবে ১৫ এপ্রিল।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “১৪ মার্চ থেকে শুরু হয়ে ১৫ এপ্রিলে শেষ হবে। রুটিন ওয়েবসাইটে দেবে কিছুক্ষণের মধ্যেই।”

এর আগে আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। শিক্ষাজীবনের সময়সূচি স্বাভাবিক করার পাশাপাশি শিক্ষার্থীদের সময় বাঁচাতে জানুয়ারিতে পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

গত ১৪ মে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হবে। পরে এ সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার একটি প্রস্তাবিত সূচিও প্রকাশ করা হয়।

তবে জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। বিশেষ করে ফেব্রুয়ারিতে রমজান শুরু হওয়ার সম্ভাবনা এবং মার্চে ঈদুল ফিতরের বিষয়টি সামনে রেখে পরীক্ষা পেছানোর দাবি ওঠে।

পরীক্ষার্থী ও অভিভাবকদের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনার কথা জানিয়েছিল শিক্ষা প্রশাসন। গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেছিলেন, অংশীজনরা চাইলে ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন সূচি নির্ধারণ করা হতে পারে।

এবার সেই সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা মার্চে নেওয়ার তারিখ চূড়ান্ত করা হলো।

আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের দিকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রমজান শেষে মার্চের দ্বিতীয় সপ্তাহে ঈদুল ফিতর হতে পারে। ফলে রোজা ও ঈদের সময় বাদ দিয়ে ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এবারের সময়সূচি পরিবর্তন আরও গুরুত্বপূর্ণ। এসব শিক্ষার্থী ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করেছে। পরে নবম ও দশম শ্রেণিতে তারা ২০১০ সালের পরিমার্জিত শিক্ষাক্রম অনুসরণ করছে।

অন্তর্বর্তী সরকারের সময়ে এসব শিক্ষার্থী নবম শ্রেণিতে দেরিতে পাঠ্যবই পেয়েছিল। সে কারণে তাদের ২০২৭ সালের এপ্রিলে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি ছিল। জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে শিক্ষার্থীদের বড় একটি অংশ প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে না বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন পরীক্ষার্থী ও অভিভাবকরা।

শিক্ষা প্রশাসনের হিসাবে, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় ২০ লাখ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। মার্চে পরীক্ষা শুরু হওয়ায় তাদের প্রস্তুতির জন্য তুলনামূলক বেশি সময় থাকবে।

দেশে দীর্ঘদিন ধরে ফেব্রুয়ারিতে এসএসসি ও সমমান এবং এপ্রিলে এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের প্রচলন ছিল। তবে করোনাভাইরাস মহামারি এবং পরবর্তী সময়ে গণঅভ্যুত্থানের কারণে শিক্ষাপঞ্জিতে বড় ধরনের পরিবর্তন আসে।

এর প্রভাবে চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিলে এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জুলাইয়ে শুরু হয়েছে। শিক্ষাপঞ্জি স্বাভাবিক করার লক্ষ্যেই আগামী বছরের এসএসসি পরীক্ষা এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে রোজা, ঈদ এবং পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয় বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত জানুয়ারির সিদ্ধান্ত পরিবর্তন করা হলো।