বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত গুরুত্বপূর্ণ কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের লক্ষ্যে পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কর্মসূচিটির অগ্রগতি, বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে একটি নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিম্ন ও মধ্য আয়ের জনগোষ্ঠীর জন্য বিভিন্ন ধরনের সরকারি সহায়তা ও সামাজিক সুরক্ষা কার্যক্রমকে একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের সঠিকভাবে শনাক্ত করে তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলে এটি সম্প্রসারণ করা হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
