প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
বুধবার (২২ জুলাই ২০২৬) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সামুদ্রিক নিরাপত্তা, বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের কর্মজীবনের সাফল্যের প্রশংসা করেন। তিনি নৌবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং একটি পেশাদার ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে তাঁর দূরদর্শী নেতৃত্ব ও অবদানের কথা উল্লেখ করেন।
এ সময় বিদায়ী নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও আন্তরিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী বিদায়ী নৌবাহিনী প্রধানের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
অ্যাডমিরাল এম নাজমুল হাসান ২০২৩ সালের ২৪ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ১৯৮৬ সালের ১ জুলাই কমিশন লাভ করেন।
দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টাফ, প্রশিক্ষণ ও কমান্ড দায়িত্ব পালন করেন। তিনি নৌ সদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দা হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান। তাঁর নেতৃত্বে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের বিভিন্ন কার্যক্রম এগিয়ে যায়।
