স্পিকার হাফিজ উদ্দিন অস্থায়ী রাষ্ট্রপতি

  • সাহাবুদ্দিনের পদত্যাগ, সংবিধান অনুযায়ী দায়িত্ব নিলেন তিনি

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

মো. সাহাবুদ্দিনের রাষ্ট্রপতি হিসেবে মেয়াদের আরও প্রায় পৌনে দুই বছর বাকি ছিল। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সংসদ সচিবালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

তিনি বলেন, বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন।

অসুস্থতার কারণে পদত্যাগ

স্পিকারের কাছে জমা দেওয়া পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন তার শারীরিক অসুস্থতার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে। বর্তমানে ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামের একটি রোগে আক্রান্ত হওয়ায় মাঝেমধ্যে তিনি অচেতন হয়ে পড়েন।

তিনি বলেন, শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। পাশাপাশি দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন রয়েছে বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।

সংবিধান অনুযায়ী দায়িত্ব গ্রহণ

সংবাদ সম্মেলনে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তা জাতীয় সংসদ সচিবালয়ে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময়ই রাষ্ট্রপতির পদ শূন্য হলে দায়িত্ব পালনের বিষয়টি সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে নির্ধারিত ছিল।

সাহাবুদ্দিনের প্রতি শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী রাষ্ট্রপতি বলেন, তিনি দেশের প্রতি দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ও সমর্থন প্রকাশ করেছেন।

তিনি মো. সাহাবুদ্দিনের দ্রুত সুস্থতা কামনা করেন।

৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন

সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের মনোনীত ব্যক্তিই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবেন বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।