বিএনপিকে ফ্যাসিবাদী দল হিসেবে আখ্যায়িত করা রাজনৈতিক জ্ঞানের অভাবের পরিচয় বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। তাই বিএনপিকে ফ্যাসিবাদী দল বলা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি দেশের জনগণের ভোটে একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দলটি বর্তমান সংসদে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করেছে। সে বাস্তবতায় বিএনপিকে ফ্যাসিবাদী দল বলা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, ‘বিএনপি একবার নয়, পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে। সুতরাং বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলেন, তাদের হয় রাজনৈতিক জ্ঞানের অভাব রয়েছে, অথবা তাদের মনস্তত্ত্ব সেইভাবেই গড়ে উঠেছে।’
জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক কি না, সেটি মূল্যায়নের দায়িত্ব সেই দলের নেতাদের। জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র পর্যালোচনা করলেই বিষয়টি স্পষ্ট হবে। এ নিয়ে মন্তব্য করা প্রয়োজন মনে করেন না বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিএনপির মহাসচিব বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়েই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দল রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবে বলেও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থীদের যোগ্যতা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের প্রস্তুতি অনুযায়ী চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
কৃষি খাতের উন্নয়ন প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকার সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে চায়। কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং কৃষিকে আরও লাভজনক করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি জানান, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের চার মাসের মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। পাশাপাশি কৃষি খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
বিআরডিবির নবনির্মিত বিভাগীয় কার্যালয়ের উদ্বোধনের পর মির্জা ফখরুল রংপুর টাউন হল মাঠে পল্লী মেলার উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন উপকারভোগীর মধ্যে গাছের চারা এবং ঋণের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন একাডেমির সচিব, বিআরডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
