রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির পক্ষে দুটি মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে দলটি।

রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে বিএনপির পক্ষে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও দলটির নেতা রুহুল কবীর রিজভী।

এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আর ভোটগ্রহণ হবে ২০ আগস্ট।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’-এর ৫(৩) ধারা অনুসরণ করে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করেছেন।

তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এরপর ১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

ভোটগ্রহণ হবে ২০ আগস্ট বৃহস্পতিবার। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট দেওয়ার সুযোগ পাবেন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাররা।

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমও ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়েছে। নির্বাচন-সংক্রান্ত পরবর্তী তথ্য ও অগ্রগতি যথাসময়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে।

রাষ্ট্রপতি নির্বাচনের পুরো কার্যক্রম নির্বাচন কমিশনের নিজস্ব ভবন ও জাতীয় সংসদে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে।